ফয়সাল হাওলাদার //বরিশালের হিজলায় সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে দিন-রাত বিশেষ অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ। অভিযানে এ পর্যন্ত ৮৭ জন জেলেকে আটক, ৬৪টি নিয়মিত মামলা দায়ের এবং প্রায় ৮০ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ২৭৪ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) হিজলা নৌ পুলিশ ফাঁড়ি থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হকের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা, পিপিএম এবং পুলিশ পরিদর্শক (নি:) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করছেন। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত রয়েছে।

অভিযানের অংশ হিসেবে মেঘনা নদী ও এর শাখা নদীগুলোর বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে অন্তবাম, চরকিল্লা, হরিনাথপুর, আবুপুর, ধুলখোলা, বাউশিয়া ও কাইসমা এলাকার নদ-নদী। এসব এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে জেলেদের আটক করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১৩ জন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নৌ পুলিশের দাবি, অভিযান চলাকালে কিছু অসাধু জেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বড় লাঠিসোঁটা নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। তবে এসব বাধা উপেক্ষা করেই মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রেখেছে নৌ পুলিশ।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইয়াছিনুল হক বলেন, “মা ইলিশ রক্ষায় নদ-নদীতে দিন-রাত কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।” এ কার্যক্রম সফল করতে তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টদের মতে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নৌ পুলিশ।
Leave a Reply