মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বরিশালের মেহেন্দিগঞ্জে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা, নিরাপদ আশ্রয়কেন্দ্র সম্পর্কে ধারণা দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
এছাড়াও উপজেলা চত্বরে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্যোগে জনসচেতনতা বুদ্ধির লক্ষে একটি অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মোঃ জাহিদ হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা ছিলেন।
Leave a Reply