মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মাঠে কঠোর অবস্থানে রয়েছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন।
পরিদর্শনকালে তিনি মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন। এ সময় মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা ও সিসি ক্যামেরা সচল রয়েছে কি না তা ঘুরে দেখেন এবং যেকোনো অসঙ্গতি দেখা মাত্র তাৎক্ষণিক থানায় অবহিত করার নির্দেশ দেন।
ওসি মমিন উদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে যাতে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন সেজন্য পুলিশ সদা প্রস্তুত। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের কঠোর নজরদারি থাকবে।”
তিনি আরও বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা সবার। উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।
জানা গেছে, এবছর মেহেন্দিগঞ্জ উপজেলায় ২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপেই নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওসির এই পরিদর্শনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।
Leave a Reply