ফয়সাল হাওলাদার // নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) উলানিয়া উত্তর ইউনিয়ন বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাবেক বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসহাদুল হক চৌধুরী মিল্টনের নেতৃত্বাধীন স্থানীয় বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, যুবনেতা মিরাজ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তারা বলেন, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে রাজপথে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উলানিয়া উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
Leave a Reply