ফয়সাল হাওলাদার // মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদী ও এর শাখা নদীতে অভিযান চালিয়ে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় চারটি নৌকা, ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত জাল উদ্ধার করা হয়।
আজ সকাল সাড়ে ৯টা থেকে বরিশাল অঞ্চলের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইয়াছিনুল হকসহ হিজলা ফাঁড়ি, আবুপুর ও অন্তর্বাম ক্যাম্পের তিনটি দল অংশ নেয়। মেঘনা নদী ও এর শাখা নদীর ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বাম এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে নদী থেকে প্রায় ৪২ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধার করা বিপুল পরিমাণ পরিত্যক্ত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া জব্দ ও উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানা এবং গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
হিজলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইয়াছিনুল হক বলেন, আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মা ইলিশ রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply