ফয়সাল হাওলাদার// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) গোবিন্দপুর ইউনিয়নের মরহুম আব্দুল মোতালেব দেওয়ানের বাড়িতে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
১৩ নং গোবিন্দপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোসাম্মৎ নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি।
সম্মেলনটি সঞ্চালনা করেন মোসাম্মৎ হোসনেরা বেগম ও মোসাম্মৎ তন্নি বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন পিপলু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা কারও কোনো গুজবে কান দেবেন না। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।”
প্রধান বক্তা মিজানুর রহমান মাঝি বলেন, “নির্বাচন করার ইচ্ছা সবারই থাকে, ঠিক তেমনি আমারও আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”

সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয়, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply