
ফরিদ শিকদার //মেহেন্দিগঞ্জ উপজেলা ৮নং চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় শাকিল পন্ডিত (২৬) নামে একজন নিহত হয়েছে। নিহত শাকিল জালিরচর (৪নং ওয়ার্ড) গ্রামের শাহজাহান পন্ডিতের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা শান্ত সংবাদ মাধ্যমকে জানান, শনিবার বিকেল ৪টার সময় নিহত শাকিলের বাড়ির সামনে কাচারি ঘরে শাকিল, শুভ, রাকিব ও শান্ত মোবাইলে লুডু খেলতে বসে। তখন ঘাতক সাইফুল পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল।
হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় পর পর দুবার সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শাকিল মাটিতে লুটিয়ে পড়ে। তখন কাচারি ঘরে ডাক চিৎকার শুনতে পেয়ে আস পাশের লোকজন এগিয়ে এসে সাইফুলকে ধরে ফেলে। ঘাতক সাইফুল জালিরচর গ্রামের আলম মাতুব্বরের ছেলে এবং ঐ এলাকার মোবারক হত্যা মামলার একমাত্র দেখা সাক্ষী।
গুরুতর জখম অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শাকিলের মা জানান, দুপুরে ভাত খেয়ে ছেলে শাকিল কাচারি ঘরের উদ্দেশ্যে বের হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে শুনতে পায় সেখানে সাইফুল শাকিলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। কি কারনে শাকিলকে হত্যা করা হয়েছে তা তিনি জানেন না। তিনি তার ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন জানান, উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালির চরে লুডু খেলার সময় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করায় শাকিল নামে একজন যুবক নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম-এ প্রেরন করা হবে। এখনো মামলা হয়নি। ঘাতক সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply