
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আজ থেকে সব ধরনের নসিমন ও করিমন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামী ৫ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুল রহমান জানান, ঈদযাত্রায় সড়কে মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যায়। আমরা দেখেছি, অনিয়ন্ত্রিত ও বেপরোয়া গতির নসিমন-করিমনের কারণে প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটে। নাগরিকদের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত।
তিনি সতর্ক করে বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে কেউ রাস্তায় নামলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
মেহেন্দিগঞ্জের সড়কগুলোতে চলাচলকারী নসিমন ও করিমনের অধিকাংশ চালকেরই বৈধ লাইসেন্স নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের মতে, এদের অনেকেই পেশা পরিবর্তন করে গাড়ির স্টিয়ারিং ধরেছেন। কেউ আগে রিকশা চালাতেন, কেউবা ছিলেন কৃষি শ্রমিক। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সড়ক আইন সম্পর্কে ধারণা না থাকায় প্রায়শই ঘটছে মারাত্মক দুর্ঘটনা।
প্রশাসনের এই সাময়িক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, ঈদ মৌসুমে এই পদক্ষেপ সড়কে প্রাণহানি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply