বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের সামনে থেকে দালাল চক্রের ২১ সদস্যকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে নগরীর হাটহাজারী থানাধীন নতুনপাড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- সাইফুদ্দিন, মোরশেদ, আবদুল হান্নান, খোরশেদ, আবুল কালাম, নজরুল ইসলাম, নাদিম, সরওয়ার হোসেন, মো, জোবাইর, রিটন মিয়া, বদিউল আলম, এনাম, এমরান, পারভেজ, আনোয়ার হোসেন, ফোরকান, সোহেল, নুর আলম, মুন্না, নাসিম উদ্দিন ও আবদুল্লাহ আল নোমান। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া।
তিনি যুগান্তরকে বলেন, বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা লোকজন দীর্ঘদিন ধরে দালাল চক্রের হয়রানির শিকার হয়ে আসছেন। মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স করতে আসা লোকজনের কাছ থেকে তারা নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ ওঠে। এ কারণে রোববার আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়। এদের সবাইকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
সেবাপ্রত্যাশীরা জানান, পাসপোর্ট অফিসের মতো বিআরটিএতেও দালালের দৌরাত্ম্য ও হয়রানি দীর্ঘদিনের। সরকার নির্ধারিত ফি’র চেয়ে বাড়তি টাকা দিলে সহজে সেবা পাওয়া যায়। অন্যথায় নানা হয়রানির শিকার হতে হয়। দালাল চক্রের সঙ্গে বিআরটিএ অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ আছে বলেও দাবি সেবাপ্রত্যাশীদের।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply