প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২১, ১০:৩৭ এ.এম
যাত্রাবাড়ীতে ছেলের ইটের আঘাতে মা নিহত

অনলাইন ডেস্কঃ
যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় ইট দিয়ে মাথায় আঘাত করে এক মাকে হত্যা করেছে তার ছেলে। নিহত ওই মায়ের নাম পারভীন বেগম (৪৭)। ইট দিয়ে মাথায় আঘাতকারী ছেলের নাম সজীব (২৭)। যাত্রাবাড়ী উত্তর কাজলা এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে দুই ধরনের তথ্য জানা গেছে। নিহতের স্বামী জানিয়েছেন, বিয়ে না দেওয়ার কারণে রেগে মাকে হত্যা করেছে সজীব। অপরদিকে নিহতের কন্যা জানিয়েছেন, ছোট ভাইকে মারধর করায় ক্ষিপ্ত হয়ে সজীব তার মাকে ইট দিয়ে আঘাত করে। এতে তার মা মারা যান। এ ঘটনার পর থেকে ছেলে সজীব পলাতক রয়েছে।
পারভীন বেগমের স্বামীর নাম লিটন মিয়া। তাদের তিন সন্তানের মধ্যে সজীব বড়। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের মেঘনা এলাকায়। তবে বর্তমানে তারা পরিবারসহ উত্তর কাজলা এলাকায় নিজেদের অপর একটি বাড়িতে থাকেন। লিটন মিয়া বলেন, সজীব তার বিয়ে নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পারভীনকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এদিকে লিটন মিয়ার ছোট কন্যা এবং সজীবের বোন ঝর্না আক্তার জানান, মা পারভীন বেগম ছোট ছেলে আব্দুল্লাহকে মারধর করে। এর জের ধরে সজীব মাকে ইট তুলে আঘাত করে হত্যা করে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সংবাদটা তারা পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, পারভীনের মাথায় আঘাত দেখা গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.