প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২১, ৩:৪২ পি.এম
পটিয়ায় ধর্ষণের হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেপ্তার।

এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণের পর হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শাহাদাত (২৩) কে গ্রেপ্তার করেছেন র্যাব-৭। আজ (২৬শে জুলাই) সোমবার সকাল সাড়ে ৯টায় তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শাহাদাত পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের নুরুল আলমের ছেলে।
জানা যায়, গত ১০ জুলাই উপজেলার গোয়াতলী গ্রামে কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন এক তরুণীকে (২১) দিনব্যাপী ধর্ষণ করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণীকে হত্যার জন্য ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে এলাকার কয়েকজন লোক একটি ঝোপঝাড়ের মধ্যে ওই তরুণীর নাড়িভুঁড়ি বের করা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরদিনই ওই তরুণীর ভাই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
অপরদিকে ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
র্যাব-৭ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঘটনার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন পটিয়া মনসা বাদামতল এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টায় র্যাব-৭ এর একটি অভিযান চালিয়ে ঐ এলাকায় যায় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র্যাব।
র্যাব-৭ আরও জানান, গ্রেপ্তারকৃত শাহাদাতকে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.