প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২২, ৯:৫৪ এ.এম
নোয়াখালীতে বিএনপি পুলিশ সংঘর্ষ, আহত ৩৫

অনলাইন ডেস্ক//
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নোয়াখালীতে মিছিলে বাধা দিলে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হন ৩৫ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নোয়াখালী : জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, বিএনপি নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় ছাত্রদল, যুবদলের সমর্থকরা রশিদ কলোনি থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক দিয়ে প্রেস ক্লাবে সভায় যোগ দিতে যাচ্ছিল। আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে টাউন হল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির সমর্থকরা পুলিশকে ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের ইটের আঘাতে আটজন পুলিশ সদস্যসহ ৩৫ জন আহত হন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীকে আটক করে।
জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দেশের মানুষের আজ কোনো কিছুতেই যেন স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এই সরকার। সাধারণ মানুষের কথা না ভেবে সরকার ও তার এমপি-মন্ত্রীরা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরে জ্বালানি তেল, গণপরিবহণ ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামালপুর পৌর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, সরকারের ভয়াবহ দুঃশাসনে মানুষের দম বন্ধ হয়ে আসছে। মানুষ মুক্তভাবে শ্বাস নিতে চায়, গণতন্ত্র চায়। এ সরকারের পতন ছাড়া তা সম্ভব নয়। এখন নৌকার তলা ফুটো হয়ে গেছে। কাঠ দিয়ে তালি দিয়ে রক্ষা করতে পারবেন না। তিনি মঙ্গলবার বিকালে নগরীর অক্সিজেন মোড়ে বায়েজিদ থানা বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কয়লার ঘর থেকে মিছিল শুরু করে কুয়াইশ সংযোগ সড়ক প্রদক্ষিণ করে অক্সিজেন মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে এখন চরম ক্রান্তিকাল চলছে। ক্ষুধার দায়ে মা সন্তানকে বিক্রি করছে। রাষ্ট্রীয় নির্যাতনের ‘আয়নাঘর’র সন্ধান পাওয়া যাচ্ছে। সরকারের বিরুদ্ধে সত্য কথা বললে আইসিটি আইনে মামলা হচ্ছে। তিনি মঙ্গলবার বিকালে নগরীর খুলশী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিছিলটি নগরীর লালখানবাজার থেকে শুরু হয়ে দামপাড়া, ওয়াসা মোড়, জিইসি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ল²ীপুর : কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন। জনগণ তাদের থেকে দূরে সরে গেছে। তারা এখন কাপুরুষের মতো চোরাগোপ্তা হামলা করছে। আন্দোলন করতে হিম্মত লাগে। সেই হিম্মত আওয়ামী লীগের নেই। লক্ষীপুর জেলা শহরের পুরাতন গোহাটা রোডে বশির ভিলা প্রাঙ্গণে আয়োজিত জনসমাবেশে এ্যানী এ কথা বলেন। সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভ‚ঁইয়া। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব নূর আলম প্রমুখ।
ভোলা : সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ-সদস্য নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলীন, জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা বিএনপি সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন।
নেত্রকোনা : পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভঁ‚ইয়ার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেন। বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় কমিটিরসহ ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মাহ্ফুজুল হক।
বড়লেখা (মৌলভীবাজার) : সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, ময়নুল হক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু।
শ্রীবরদী (শেরপুর) : গড়জরিপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সম্পাদক আব্দুলাহ আল মামুন দুলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো আবু রায়হান রূপম।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.