কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা নুরনবী গুলিবিদ্ধ
-
আপডেট সময় :
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
-
২৮৯
০ বার সংবাদটি পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরনবী চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়ার কলাবাগান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ফজল রহমানের ছেলে ইউপি চেয়ারম্যান নুরনবীকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু নাছের জানান, নুরনবী চৌধুরীর বাম পায়ে গুলি লেগেছে। গুলি অনেক ভেতরে চলে গেছে। তার ডান পা ভেঙে গেছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ও জনতা ব্যাংকের কর্মকর্তা ফখরুল ইসলাম রাহাত জানান, নুরনবী চৌধুরী মোটরসাইকেলে বসুরহাটবাজারে যাওয়ার পথে হামলার শিকার হন। করালিয়ার কলাবাগান এলাকায় পৌঁছলে মেয়র কাদের মির্জার অনুসারী সন্ত্রাসী রাসেল ওরফে কেচ্ছা রাসেল তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। কেচ্ছা রাসেল ও তার সাঙ্গোপাঙ্গরা পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে।
একইদিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নুরুজ্জামান স্বপনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে স্বপন জানান, ইদ্রিছিয়া রোডের মাথায় কাদের মির্জার অনুসারীরা তার ওপর হামলা করে। এ হামলার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বসুরহাটের মেয়র কাদের মির্জা ও তার ক্যাডারদের দায়ী করেছেন।
এছাড়া একইদিন উপজেলার পেশকারহাটে কাদের মির্জার অনুসারী শ্রমিক লীগ নেতা মিজানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে দায়ী করেছেন কাদের মির্জা। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের হুশিয়ারি : কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল বলেছেন, নুরনবী চৌধুরী ও নুরুজ্জামান স্বপনের হামলাকারীদের গ্রেফতার করা না হলে সম্মিলিতভাবে মেয়র কাদের মির্জাকে প্রতিহত করা হবে। সোমবার দুপুর পৌনে ২টায় ফেসবুক লাইভে বাদল এ হুশিয়ারি দেন। তিনি আরও বলেন, আহত নুরনবীকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে স্বপনকেও গুরুতর আহত করেছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বাদল বলেন, আপনি আর কত চুপ থাকবেন, আমাদের আর কত চুপ থাকতে বলবেন। আপনার ভাইদের অপরাজনীতি আর সন্ত্রাসী কার্যক্রমের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতে শান্তিতে ঘুমাতে পারে না। ভয়ে তারা বনে-জঙ্গলে লুকিয়ে রাত কাটায়।
অপকর্মের কারণেই নূরনবী হামলার শিকার : মেয়র কাদের মির্জা বলেছেন, দুইবার চেয়ারম্যান থাকাকালে সব লুটেপুটে খেয়েছেন নুরনবী। পৌরসভা থেকে ৬০টি অটোরিকশার লাইসেন্স নিয়ে প্রতিটি থেকে তিনি ৫ হাজার টাকা করে চাঁদা আদায় করেছেন। তার লুটপাট ও অপকর্মে অতিষ্ঠ হয়ে জনগণ তার ওপর হামলা করেছে। সোমবার দুপুর ২টায় অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক লাইভে কাদের মির্জা এসব কথা বলেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক বদলি : উপজেলা আওয়ামী লীগ ও মেয়র কাদের মির্জার মধ্যকার দ্বন্দ্বের জেরে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হককে বদলি করা হয়েছে। সোমবার নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে রবিউলকে নোয়াখালী ডিবিতে বদলি করা হয়েছে। তিনি বলেন, এটা কোনো শাস্তিমূলক বদলি নয়। রুটিন বদলি। পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply