
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে মোঃ মোবারক হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী পলাতক প্রধান আসামি হাসান পালোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) চট্রগ্রামের সিটি গেট থেকে রাত সাড়ে ১০ টার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মেহেন্দিগঞ্জ থানায় পরেরদিন দুপুর আড়াইটার সময় আনা হলে ওই দিনই মেহেন্দিগঞ্জ থানা থেকে বরিশাল আদালতে পাঠানো হয়।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জালিরচর এলাকায় জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে মোঃ মোবারক হোসেন হাওলাদার (৫০)কে হত্যার হুমকি দেওয়া হয়।
গত (২৪ জুন) মঙ্গলবার দুপুর আড়াইটার সময় আসামীরা তাকে একা পেয়ে এলোাপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত মোবারককে উদ্ধার করে ওই দিন বিকাল ৫টার সময় বরিশাল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭টার সময় তিনি মারা যান।
এ ঘটনায় নিহত ভাই হুমায়ুন কবির হাওলাদার বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় ১১জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ আরও জানান, চাঞ্চল্যকর মোবারক হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন হাসান পালোয়ান।
তিনি এই হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মামলার পর থেকে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেওয়ার পর জেলহাজতে প্রেরন করা হয়।
Leave a Reply