
স্টাফ রিপোর্টার //
বরিশালের হিজলা উপজেলায় বালু উত্তোলনের ইজারা (অনুমতি) নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলায় বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন ৩টি ইউনিয়নের বাসিন্দারা।
মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দারা রোববার (১১ই)মে) সকালে মেঘনার তীরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় তাদের হাতের ব্যানার এবং প্লেকার্ডে লেখা ছিলো মেহেন্দিগঞ্জের মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উলানিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজকর্মী মিজানুর রহমান খান, জসিম উদ্দিন কালু প্রমুখ।
বক্তারা বলেন, ইজারাদার নির্দিষ্ট স্থানে বালু না কেটে যত্রতত্র বালু কাটছেন।
বালুর ইজারা দেওয়া হয় হিজলার শাওরা সৈয়দখালী মৌজায় আর বালু উত্তোলন করা হয় মেহেন্দিগঞ্জের পোমা ও তেতুলিয়া মৌজা থেকে।
যা বেআইনি এবং অবৈধ। অবৈধ বালু উত্তোলন বন্ধসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবী তুলেন।
হিজলার ইজারাকৃত মৌজাটি বিশাল এক চর। মেহেন্দিগঞ্জের উলানিয়া মেঘনায় ৩৮৬ কোটি টাকা ব্যায় করে সরকার তীর সংরক্ষণ করেছেন।
নির্বিচারে বালু উত্তোলনের ফলে আসছে বর্ষায় বাঁধ রক্ষা নিয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে। হুমকির মুখে পড়েছে মেঘনার তীর ঘেষা ঐতিহ্যবাহী উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া বন্দ ও জমিদার বাড়ি। সুযোগ পেয়ে ক্ষমতাধর ইজারাদার খুবলে খাচ্ছে মেঘনার একাধিক পয়েন্টের বালু।
বরিশালের জেলা প্রশাসক হিজলার শাওরা সৈয়দখালী মৌজায় একটি বালুমহাল ইজারা দেন। চুক্তিবদ্ধ হন মেসার্স আর বি এন্টারপ্রাইজ এর মালিক আবুল বাছেদ। চুক্তি অনুযায়ী তিনি শাওরা সৈয়দখালী মৌজায় ১০০ একর জমি থেকে বালু উত্তোলন করবেন।
অভিযুক্ত ইজারাদার বরিশাল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাছেদ ইজারা পেয়ে কিছুদিন পরই তিনি শর্ত ভেঙে চাদপুর উত্তর মতলব এর কাজী মতিন ও হোসেন বেপারীর কাছে সাব-ইজারা দেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান বলেন, যেখানে ইজারা দেওয়া হয়েছে সেখানে ছাড়া বালু উত্তোলন করতে পারবে না, ইতিমধ্যে বালু উত্তোলন বন্ধে কোস্টগার্ড উদ্যােগ নিচ্ছে।
Leave a Reply