মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// পবিত্র রমজান মাস উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারি বরাদ্দের ২৭২ কেজি খেজুর ১০০টি মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব খেজুর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান নিজে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূলে নির্ধারিত পরিমাণ খেজুর পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়েছে যাতে এতিম ও দুস্থ শিক্ষার্থীরা ইফতারের সময় এই পুষ্টিকর ফল গ্রহণ করতে পারে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "সরকারের পক্ষ থেকে অসহায় ও ধর্মপ্রাণ মানুষের জন্য যে উপহার পাঠানো হয়েছে তা অত্যন্ত স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। বিশেষ করে রমজান মাসে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই খেজুর একটি বিশেষ উপহার হিসেবে বিবেচিত।"
উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড এবং ত্রান-সামগ্রী যেন প্রকৃত মানুষের দৌড় গোঁড়ায় পৌছে সে ব্যবস্থা করতে হবে। যেন প্রতিটি প্রতিষ্ঠানে যথাযথভাবে এই বরাদ্দ পৌঁছে যায় এবং বিতরণে কোনো ধরনের অসঙ্গতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব জানান যে উপজেলার ১০০টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে সুষমভাবে এই ২৭২ কেজি খেজুর বণ্টন করা হয়েছে।
স্থানীয় প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষকরা প্রশাসনের এই দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের এতিমখানাগুলোতে এই খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট মহলে সন্তুষ্টি দেখা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে যে রমজান মাসে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় সরকারি আরও নানা কর্মসূচি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি করা হচ্ছে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন। এর ফলে প্রকৃত সুবিধাভোগীরা সময়মতো সরকারি এই সুবিধা হাতে পাচ্ছেন।
একই দিনে মেহেন্দিগঞ্জ সমাজসেবা দপ্তরের মাধ্যমে কর্মকর্তা মোঃ মিরাজ আহমেদ এর সভাপতিত্বে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন ইউএনও মোঃ রিয়াজুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.