প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২২, ৬:২৮ এ.এম
ব্যবসায়ীকে হামলা, প্রাননাশের হুমকিতে থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন।।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটায় ট্যুরিস্ট বোট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন পর্যটন ব্যবসায়ী ইলিয়াস আকন (৪০)।
হামলার পর থানায় অভিযোগ করায় ওই ব্যবসায়ী ও তার পরিবার হামলাকারীর তোপের মুখে পড়েছেন। রয়েছেন গুম-খুনের শঙ্কায়।
শনিবার (১৫ অক্টোবর) সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী ইলিয়াস(৪০)।

ট্যুরিস্ট বোট মালিক মো: ইলিয়াস আকন (৪০) তার লিখিত বক্তব্যে বলেন, গত বুধবার দুপুরের দিকে কুয়াকাটার খাপড়াভাঙ্গা নদীতে তার ফাইবার বোটটি অন্য একটি ফাইবার বোটের পাশে নোঙ্গর করে রাখেন। ওই ফাইবার বোটের মালিক মো: আবুল হোসেন কাজী এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করলে ইলিয়াস প্রতিবাদ করেন। একপর্যায় লাঠিসোটা নিয়ে হামলা চালান ইলিয়াসের ওপর। এ ঘটনায় জখম হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি অভিযোগ আকারে মহিপুর থানা পুলিশকে জানালে আরো ক্ষেপে যান আবুল কাজী। যাহার সাধারণ ডায়েরি নং ৪৪২।
এ অবস্থায় অভিযোগ প্রত্যাহারে তাকে চাপ দেয়া হয়। অন্যথায় তাকে গুম খুনের হুমকি দেয়া হচ্ছে বলে ইলিয়াসের অভিযোগ।
হামলার প্রত্যক্ষদর্শী ও ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি মো: জনি আলমগীর বলেন, আবুল কাজী ট্যুরিস্ট বোট মালিক সমিতির একজন দায়িত্বশীল হয়েও তিনি সংগঠনের নিয়মনীতির তোয়াক্কা করেন না। ঘটনার দিন অত্যন্ত বেপরোয়া ও নির্দয়ভাবে ইলিয়াসের ওপর হামলা চালিয়েছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কাজী বলেন, ভুল বোঝাবুঝির একপর্যায় ইলিয়াসের আঘাত প্রতিহত করতে গিয়ে মুখমণ্ডলে সামান্য আঘাত পেতে পারেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ আবুল খায়ের বলেন, অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.