মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//প্রেমের টানে ময়মনসিংহের এক যুবতী ছুটে এসেছেন বরিশালের মেহেন্দিগঞ্জে। তবে বিয়ে ছাড়াই একসঙ্গে থাকার ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপের মুখে প্রেমিক যুগল পালিয়ে বরিশালে গিয়ে কাবিননামা করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি মেহেন্দিগঞ্জ উপজেলার দড়ি চর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার। শুক্রবার ২৬ জুন সকালে ঢাকা থেকে লঞ্চযোগে মেহেন্দিগঞ্জে আসেন প্রেমিক যুগল শুকতারা পারভীন সীমা এবং ফয়সাল বেপারি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুজনেই ঢাকার একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে মেয়ে তার পরিবারের অমতে প্রেমিকের হাত ধরে মেহেন্দিগঞ্জে চলে আসেন।
মেহেন্দিগঞ্জে আসার পর তারা বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন তারা। সামাজিক চাপ সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যান ওই যুগল।
নির্ভরযোগ্য সূত্র জানায়, তারা বরিশালে গিয়ে কাবিননামা তৈরি করার চেষ্টা করছেন।
এদিকে মেয়ের ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স ১৮ বছর। তবে ছেলের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই। স্থানীয় অনেকের দাবি, ছেলের প্রাপ্তবয়স এখনও হয়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও ঘৃণা ছড়িয়ে পড়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.